আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল ডোম হত্যা মামলার দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক অন্যতম প্রধান আসামি লিটন (৪৮)-কে ঢাকার শাহআলী মাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। হত্যাকাণ্ডের পর তিনি ‘শিকল সাইজি’ পরিচয়ে দেশের বিভিন্ন মাজারে আত্মগোপন করে ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই রাতে শাহআলী থানাধীন শাহআলী মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরা সদর উপজেলার হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা মানিক লাল ডোম তার ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে ছেলে ঘুম থেকে উঠে বাবাকে ঘরের মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে এর আগে মামলার আরেক আসামি মেহেদী হাসান আকাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে লিটনসহ কয়েকজন মিলে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে মানিক লালকে গলা কেটে হত্যা করে।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর লিটন পরিচয় গোপন করতে ‘শিকল সাইজি’ ছদ্মনামে দেশের বিভিন্ন মাজারে অবস্থান করছিলেন। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অবশেষে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
