আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে বহুল আলোচিত “ভইরা-দে গ্রুপ” কিশোর গ্যাংয়ের অন্যতম সক্রিয় সদস্য ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
গ্রেফতারকৃতরা হলো— শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
র্যাব-৪ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন ২০২৬) ভোরে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন “ভইরা-দে গ্রুপ” নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এ গ্রুপের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, পূর্ব শত্রুতার জেরে হামলা, দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধরসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
সূত্র আরও জানায়, গত ২৩ মে ২০২৬ তারিখে পল্লবী থানাধীন একটি মুদি দোকানের সামনে পূর্ব শত্রুতার জেরে ভিকটিম জাহিদ হাসান সুমন ও তার ভাই হৃদয়কে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করার ঘটনায় এ গ্রুপের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন, ছিনতাই, চাঁদাবাজি, মাদক সেবনসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ঘটনার পর র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৪।
