আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। এ ছাড়া আগামী ৫ দিন ভারি বর্ষণ না হলেও দুয়েক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কাও রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৩ মার্চ) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
