আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী থানার মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জসিম উদ্দিন (৫২)-কে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১:২০টায় কক্সবাজার জেলার রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাঁশখালী থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) টেবিল অনুযায়ী একটি মামলা রুজু হয়েছিল। মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে রামুর খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় নুরুল আজিমের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
