আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ১৫ গ্রাম অভিনব মাদক ‘কুশ’ (হাইব্রিড গাঁজা)-সহ দুই পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ সময় মাদক বিক্রির নগদ টাকা, বৈদেশিক মুদ্রা, ডিজিটাল স্কেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— ফেনী জেলার মোঃ এনামুল হোসেন (২০) এবং নওগাঁ জেলার মোঃ আরফান আহমেদ সামির (২৪)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (০৬ জুন ২০২৬ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে র্যাব-৩ এর একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকার সেভেন স্টার সুপার শপের সামনে পাকা রাস্তার ওপর প্রথম অভিযান পরিচালনা করে। অভিযানে মাদককারবারি মোঃ এনামুল হোসেনকে ১৫ গ্রাম কুশ এবং ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
পরবর্তীতে একই রাতে আনুমানিক ১০টা ৫০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ‘জে’ ব্লকের ৪ নম্বর রোডের ২৩৭ নম্বর প্লটের একটি বহুতল ভবনের ৭ম তলার রুমে দ্বিতীয় অভিযান পরিচালনা করে র্যাব। সেখান থেকে গ্রেফতার করা হয় চক্রের অন্য সদস্য মোঃ আরফান আহমেদ সামিরকে। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি কুশ (হাইব্রিড গাঁজা), ১টি ডিজিটাল স্কেল, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৯০ হাজার ১৯০ টাকা, ৬০ মালেশিয়ান রিঙ্গিত, ২১ ইউএস ডলার এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এই উচ্চমূল্যের হাইব্রিড গাঁজা (কুশ) সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় রাজধানীর ভাটারা সহ বিভিন্ন অভিজাত এলাকায় তা চড়া দামে বিক্রি করত।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
