ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের চাঞ্চল্যকর মোস্তফা কামাল হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১১, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
পঠিত: 42 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

বরিশালের কাজিরহাট থানার আলোচিত মোস্তফা কামাল হত্যা মামলার মূলহোতা মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪৮) ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত আল আবির (২২)-কে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮, বরিশাল। র‌্যাব-৮ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে বরিশালের কাজিরহাট থানাধীন ভাষানচর ইউনিয়নের ছৈয়মতক্তা গ্রামের একটি পায়ে চলা পথে বাজার থেকে বাড়ি ফেরার সময় মোস্তফা কামাল (৪৫)-এর ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। এ সময় শাহাবুদ্দিন হাওলাদার, আল আবিরসহ অন্যান্য আসামিরা রামদা, চাপাতি, লোহার রড ও হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে।

হামলার একপর্যায়ে শাহাবুদ্দিন হাওলাদার ভিকটিমকে ধরে রাখলে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে অন্যান্য আসামিরাও হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা পালিয়ে গেলে আহত মোস্তফা কামালকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কাজিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তে আসামিদের অবস্থান শনাক্ত হলে র‌্যাব-৮, সদর কোম্পানি এবং র‌্যাব-১, সিপিসি-২-এর যৌথ আভিযানিক দল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১২ ও সেক্টর-১৩ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে শাহাবুদ্দিন হাওলাদার ও আল আবিরকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।