ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দান যুক্তরাষ্ট্র, কানাডার জন্য লজ্জাজনক : মোমেন

সত্যের কন্ঠ
আগস্ট ১, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
পঠিত: 137 বার
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা বিশ্বব্যাপী মানবাধিকারের প্রধান প্রবক্তা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বঙ্গবন্ধুর দোষী সাব্যস্ত খুনিদের ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়া তাদের জন্য লজ্জাজনক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যার স্মরণে শোকের মাস আগস্টের  প্রথম দিনে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “স্ব-ঘোষিত খুনিরা সেই একই দেশে (মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা) বসবাস করছে, যারা মানবতাবাদ নিয়ে বক্তৃতা দেয়, মানবাধিকারের কথা বলে, কিন্তু এই আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দেয়। তাদের লজ্জিত হওয়া উচিত।”

মোমেন বলেন, “বঙ্গবন্ধুর খুনিরা এখনও পলাতক। আমরা দু’জনের কথা জানি — একজন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আরেকজন কানাডায়। অন্য তিন পলাতক আসামির অবস্থান এখনো জানা যায়নি।” দুই খুনির অবস্থান জানার পর, এই দুই পলাতক খুনিকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় মার্কিন ও কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্টভাবে সম্পৃক্ত রয়েছে। এর আগে মোমেন বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ধরতে অভিযানের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব মিশনকে চিঠি দিয়েছে।

১৫ আগস্ট হত্যাকান্ডের পলাতক ঘাতকদের অবস্থান নিশ্চিত করার জন্য প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনের তথ্যের আলোকে, ঢাকা পলাতক খুনিদের সম্ভাব্য লুকিয়ে থাকার দেশগুলোতে তার মিশনকে সক্রিয় করেছে। মোট ১২ জন চাকুরিচ্যুত সামরিক অফিসারকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার পরে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ছয় জনের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে এবং একজনের বিদেশে স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত ছয় ঘাতকের মধ্যে তিনজনকে তাদের অনুপস্থিতিতে বিচারের পর, তিনটি দেশ- থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থেকে ফিরিয়ে আনা হয়েছিল।

এর আগে, নিরাপত্তা সংস্থাগুলি তাদের প্রতিবেদনে বলেছিল, ইন্টারপোল তাদের ট্র্যাক করার জন্য ‘রেড নোটিশ’ জারি করায়, খুনিদের মধ্যে কেউ কেউ এক দেশ থেকে অন্য দেশে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।