রাজধানীর শাহবাগ এলাকায় পাকস্থলীর অভ্যন্তরে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন মো. হাসান (৪০) ও এখলাস মিয়া (৬৫)।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানাধীন দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ তাদের গ্রেফতার করে।
সিটিটিসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পাকস্থলীর ভেতর থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তবর্তী কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিশেষ কৌশলে পাকস্থলীতে বহন করে ঢাকায় আনতেন। পরে মলত্যাগের মাধ্যমে ইয়াবাগুলো বের করে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
