ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদ্-দ্বীন হাসপাতালকে লিগ্যাল নোটিশ

সত্যের কন্ঠ
মে ২৯, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
পঠিত: 45 বার
Link Copied!

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং দেশের সব হাসপাতালের মা ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও শিশু অধিকারকর্মী অ্যাডভোকেট ইশরাত হাসান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে অনলাইনে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে একাধিক নবজাতকের মৃত্যু ও অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিভিন্ন অভিযোগ ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গভীর রাতে একাধিক নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শ্বাসকষ্ট, বমি ও কান্নার মতো উপসর্গ দেখা দেয়। একই সময়ে কয়েকজন প্রসূতি মাও অসুস্থ হয়ে পড়েন।

এতে আরও অভিযোগ করা হয়, সংকটপূর্ণ পরিস্থিতিতেও হাসপাতালে পর্যাপ্ত জরুরি চিকিৎসা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মীদের উপস্থিতিও পর্যাপ্ত ছিল না বলে দাবি করা হয়। পাশাপাশি সংকটাপন্ন নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরেও বিলম্ব হয়েছে বলে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, এসব অব্যবস্থাপনার কারণেই একের পর এক নবজাতকের মৃত্যু ঘটেছে, যা শুধু পরিবার নয়, পুরো জাতিকে শোকাহত করেছে। একই সঙ্গে এটি দেশের হাসপাতাল ব্যবস্থায় মাতৃত্ব ও নবজাতক সেবার গুরুতর দুর্বলতাও তুলে ধরেছে।

এ ঘটনায় চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে— দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, দেশের সব হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু করা।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।