আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সোনারগাঁও আবাসিক এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে পুলিশের লুণ্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৯। উদ্ধারকৃত গ্রেনেডগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল।
র্যাব-৯ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত (২১ জুলাই) আনুমানিক ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকায় অস্ত্র থাকতে পারে। পরে রাত ১২টা ২০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঝোপের ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৩টি অবিস্ফোরিত টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করে।
র্যাব জানায়, উদ্ধারকৃত টিয়ারগ্যাস গ্রেনেডগুলো বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে উদ্ধারকৃত আলামতের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
