আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৮ জুন ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঢাকা মেট্রো-ন-১৫-৫৪০৮ নম্বরের একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপের চালক বাবুল হাসান (২৩) ও তার সঙ্গে থাকা মো. রাসেল মিয়া (৩৫)-কে আটক করা হয়। তাদের দেখানো মতে গাড়ির পেছন থেকে দুটি বড় প্লাস্টিকের বস্তায় স্কচটেপে মোড়ানো ২০টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৮০ কেজি। এছাড়া একটি পৃথক পলিথিন ব্যাগ থেকে আরও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৮৬ কেজি। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে গাঁজার চালান সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসছিল বলে জানা যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
