রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩৬৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (১৪ জুন) বিকেল ৫টা ১০ মিনিটে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোফাজ্জল হোসেন (২৩) ও মো. ইয়াছিন (২৯)। এ সময় তাদের কাছ থেকে ৩৬৫ পুরিয়া হেরোইন, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
