আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
কুড়িগ্রামে বাসের ধাক্কায় ভ্যানচালক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাব চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি ও অন্যান্য গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদী মোঃ শাহাব উদ্দিন (৫৬) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ লাল মিয়া (৪০) একজন ভ্যানচালক ছিলেন। ০৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে চর রাজিবপুর থানাধীন ধুবালিয়াপাড়ায় ঢাকা থেকে রৌমারীগামী ‘জিসান ট্রাভেলস’ (রেজি: মেট্রো-ব ১২-৩২১৭) বাসটি বেপরোয়া গতিতে চলার সময় অজ্ঞাতনামা ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত ভ্যানচালককে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় শনাক্ত না হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন বাদী হয়ে ০৫ জুন ২০২৬ তারিখে সংশ্লিষ্ট আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে র্যাব-১৩ ও র্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল কুড়িগ্রামের রৌমারী থানাধীন ডিগ্রী কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার পলাতক প্রধান আসামি মোঃ আল আমিন মন্ডল (৩০)-কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, এ ধরনের হত্যা, অপহরণ, ধর্ষণসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
