শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিবেদক;
পাবনার ঈশ্বরদীতে ৫ টি দরিদ্র পরিবারের বসতবাড়ীসহ আসবাবপত্র আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবী আগুনে পুড়ে কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গরু হাট সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ দিনমজুর মোঃ রনি হোসেন এবং মোঃ জনি শেখ ও সুজনসহ পাঁচটি পরিবার পাশাপাশি বসবাস করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তাদের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
রুপপুর মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণ ঐ পাঁচ পরিবারের বসতবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
