আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন।’
রোববার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, গানে, চেতনায় বিস্ফোরণ ঘটিয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আগস্ট মাস শেষ হয়নি, এই আগস্ট মাস বাঙালি জাতির জন্যে ট্রাজেডির মাস, এই মাসে বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা। কাজী নজরুল ইসলামকেও হারিয়েছি। নজরুল আগেও প্রাসঙ্গিক ছিলেন এখনো আছেন, তিনি আমাদের যেকোনো সংগ্রামে অপূরণীয়, তিনি চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন।’
এছাড়া যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
