আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। এ দিনটি সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
আরবি ‘বিদা’ শব্দের অর্থ বিদায় বা শেষ। সে অর্থে ‘জুমাতুল বিদা’ মানে রমজানের শেষ জুমা, যা মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করবেন। নামাজের আগে খতিব ও আলেমরা খুতবায় জুমাতুল বিদার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন।
জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।
ইসলামে রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে বর্ণিত আছে, হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেছেন—রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারি, মুসলিম)।
সারা বছরের মধ্যে মুমিনদের কাছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর জুমাতুল বিদার মাধ্যমে এই পবিত্র মাসকে বিদায় জানানোর এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
