আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎকৃত প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল এবং ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল আলিম বাবু (৩০), সজিব মিয়া (২৯), ময়নুদ্দিন (৪০) ও মহিউদ্দিন (৩৬)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত আজিবুর রহমান (৫০)-কে উদ্ধার করা হয় এবং মুক্তিপণের নগদ ২৫ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া প্রতারণা ও আত্মসাতের একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে নুর হোসাইন সোহাগকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকার স্বর্ণালংকার এবং মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
অন্যদিকে একই দিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. জামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
