ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ১২, সিরিয়ায় ১৫

সত্যের কন্ঠ
নভেম্বর ১৫, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ
পঠিত: 209 বার
Link Copied!

লেবাননের স্বাস্থ্য ও উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় শহর বালবেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি বিমান হামলায় একটি সিভিল ডিফেন্স সেন্টারে অন্তত ১২ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। নিহত সবাই লেবাননের নাগরিক। এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানায়, রাজধানী দামেস্ক ও এর আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের জরুরি উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় ধ্বংসস্তূপে আটকে পড়া সহকর্মীদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছিলেন। এতে তিনজন সিভিল ডিফেন্স সদস্য আহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনী এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

লেবাননের সিভিল ডিফেন্স বাহিনী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে জড়িত নয়। এ বাহিনী যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গুরুত্বপূর্ণ উদ্ধার ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে ‘রাষ্ট্র-পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে বর্বরোচিত হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। পাশাপাশি এটিকে ‘দুই ঘণ্টারও কম সময়ে জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ইসরায়েলের দ্বিতীয় হামলা’ বলে উল্লেখ করেছে।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আরবসালিম গ্রামে হিজবুল্লাহ সংশ্লিষ্ট সিভিল ডিফেন্স ও উদ্ধার সংস্থা হেলথ অথরিটি অ্যাসোসিয়েশনকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। এতে চারজন প্যারামেডিকসহ ছয়জন নিহত হন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে ইসরায়েল দামাস্কের পশ্চিমাঞ্চলীয় মাজ্জেহ এলাকায় দুটি এবং কুদসাইয়া উপশহরে একটি বিমান হামলা চালায়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই হামলায় অন্তত ১৫ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।

মাজ্জেহ এলাকা থেকে এপির এক সাংবাদিক জানান, একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা ভবনের বেজমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইসলামিক জিহাদ সশস্ত্র গোষ্ঠীর বিভিন্ন অবকাঠামো ও কমান্ড সেন্টারে আক্রমণ করেছে।

সিরিয়ায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাজ্জেহ এলাকায় হামলাটি তাদের একটি অফিসে হয়, যেখানে তাদের কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উপদেষ্টা আলি লারিজানি দামেস্কে ইরানি দূতাবাসে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিলেন, সেই সময় এই বিমান হামলা চালানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।