রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি ফেসবুকে পোস্ট করে জানান, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে।
মাহফুজ আলম রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, তবে এখনও কোনো দফতরের দায়িত্ব তাকে দেয়া হয়নি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৭১-পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটি আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পরেও আমরা বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি।’
তিনি দুঃখ প্রকাশ করে আরও লেখেন, “মানুষের মনে জুলাইয়ের চেতনা যতদিন থাকবে, ততদিন তাকে আর কোথাও দেখা যাবে না।”
মাহফুজ আলম আরও লেখেন, “শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক ‘৭২-এর সংবিধান, দুর্ভিক্ষ, অর্থ পাচার, এবং হাজারো ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যার জন্য (৭২-৭৫, ২০০৯-২০২৪) যা করেছে, তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই আমরা ‘৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা না চাওয়া এবং ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত কোনো সমঝোতা হবে না।”
