ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৩
আজকের সর্বশেষ সবখবর

তিন মাসে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে : মির্জা ফখরুল

সত্যের কন্ঠ
নভেম্বর ৭, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
পঠিত: 312 বার
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, যদি সবাই এ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি এবং তারা সঠিক সময়ে একটি নির্বাচন আয়োজন করতে পারে, তাহলে জাতির সামনে থাকা চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।

বিএনপি সংগ্রাম চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ শপথ নিয়েছি—জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদ প্রতিরোধ করে স্বাধীনতা রক্ষা করব এবং সংগ্রাম ও আন্দোলন অব্যাহত রাখব।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফখরুল বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের প্রধান নায়ক ও স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও শপথ নিয়েছি যে, জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে প্রতিহত করব। প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করব।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ডা. রফিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম মজনু, আমিনুল হক, মোস্তফা জামাল, তানভীর আহমেদ রবিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।