যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ নারী ফুটবল দলের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এমন আর্থিক দুরবস্থার কারণ অনুসন্ধানে অডিট করা হবে। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠানের শেষে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ আরও বলেন, নারী ফুটবল দলের বকেয়া বেতন পরিশোধ এবং ভবিষ্যতে এই সমস্যা এড়াতে প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দেশের সামর্থ্যের মধ্যে থেকে নারী ফুটবল দলের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা ও অনিয়ম নিয়ে অডিট করা হবে।
তিনি আরও জানান, নারী ফুটবলের উন্নয়নে সবার পরামর্শ ও সমস্যার কথা শুনেছেন প্রধান উপদেষ্টা এবং বিজয়ের এই ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বেতন বৈষম্য ও আবাসন সংকটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন এবং এর ভিত্তিতে দ্রুত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।
