সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে পরীক্ষার্থী বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
শিক্ষার্থীদের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া সিজিএম আদালতে আরও ৫ পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
