পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেনে, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ, রাষ্ট্র ও জনগণ নিরাপদ নয়।
মন্ত্রী গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগররর আখালিয়াস্থ কালীবাড়ীতে সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে এ মন্তব্য করেন।
এসময় ড. মোমেন বলেন, আমরা বিরোধী দলকে সম্মান করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তবে রাষ্ট্র ক্ষমতার লোভে দেশের শান্তি, সম্পদ নষ্ট করে, সাংবাদিক-পুলিশ পিটিয়ে, বিচারপতির বাসভবন, হাসপাতালে হামলা অগ্নি-সন্ত্রাস,জ্বালাও-পোড়াও করে সরকার বদলানো যাবে না। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার বদল হবে।
আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে হবে, কারণ দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।
কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি যিশুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
