আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কিশোর অপরাধ, সাইবার অপরাধ ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বরিশাল জিলা স্কুলে বিশেষ সেমিনারের আয়োজন করেছে র্যাব-৮। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন।
র্যাব-৮ সূত্রে জানা যায়, সচেতনতামূলক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে র্যাব-৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা কিশোর অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, সাইবার অপরাধ ও মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা গ্যাং কালচারের আভাস পেলে দ্রুত শিক্ষক বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়।
অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করা, ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহ দেওয়া এবং তাদের চলাফেরা ও অবসর সময়ের প্রতি নজর রাখা জরুরি। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সেমিনারের শেষে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আয়োজনের জন্য র্যাব-৮-কে ধন্যবাদ জানান। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
