ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশাচালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, কেরানীগঞ্জে ৪ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২১, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
পঠিত: 18 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশাচালক মো. সুন্দর আলী (৪৬)-কে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। একই সঙ্গে তালাবদ্ধ অবস্থায় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় সুন্দর আলীর অটোরিকশার গতিরোধ করে কুদ্দুসসহ চারজন। পরে তাকে মারধর করে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা এলাকায় নিয়ে যায়। সেখানে চেতনানাশক ওষুধ খাইয়ে তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

র‌্যাব জানায়, অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরে ভিকটিমের পরিবার নগদের মাধ্যমে প্রথমে ৫ হাজার এবং পরে আরও ৩৯ হাজার টাকা পাঠালেও তাকে মুক্তি দেওয়া হয়নি। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।

এর ধারাবাহিকতায় ২০ জুলাই দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে রাকিবের ভাড়া বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়। এ সময় চক্রের সদস্য মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) ও মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)-কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও নারী-শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।