আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার আলোচিত আফছার সরদার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত এবং চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. ইউনুস আলী (২৭)-কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ রাতে সাঁথিয়া উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া এলাকায় বাড়ি ফেরার পথে আফছার সরদারকে পূর্বশত্রুতার জের ধরে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরদিন রাত আনুমানিক ২টার দিকে একই এলাকার বাসিন্দা শাহ আলমের বাড়ি থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের গরু ও ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শাহ আলম বাদী হয়ে সাঁথিয়া থানায় পৃথক চুরি মামলা দায়ের করেন। উভয় মামলায় মো. ইউনুস আলীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়া থানাধীন বাইপাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬ জুলাই মো. ইউনুস আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, হত্যা, চুরি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
