নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠীর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের হদুয়া চর ইসলামাবাদ এলাকায় অবৈধ বালু উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নলছিটি থানার অপারেশন শাখার এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই করুন বিশ্বাসের নেতৃত্বে নলছিটি থানার একটি পুলিশ দল চর ইসলামাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি বালুবোঝাই ট্রলারসহ তিনজনকে আটক করা হয়।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক ব্যক্তিদের হদুয়া লঞ্চঘাট এলাকায় নিয়ে যাওয়ার পর মাছ সহিদ ও শাহাদাত নামে দুই ব্যক্তির মাধ্যমে প্রায় দুই লাখ টাকা লেনদেন হয়। এরপর আটক তিনজনকে কোনো মামলা ছাড়াই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অর্থের বিনিময়ে অভিযুক্তদের মুক্তি দেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে এসআই করুন বিশ্বাসের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার মনে নেই। বিস্তারিত আসছে খুব শিগগিরই।”
