ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ একজন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
পঠিত: 21 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচি ও চোরাই মালামাল উদ্ধারসহ ফারুক (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানাধীন দনিয়া রসুলপুর নগর ভবন সংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে হত্যা করে দুর্বৃত্তরা। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ঘটনাস্থলের বিভিন্ন আলামত বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নির্মাণ শ্রমিক ফারুককে শনাক্ত করে পুলিশ। পরে ১৫ জুলাই বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক হাতলবিশিষ্ট একটি কাঁচি উদ্ধার করা হয়। এছাড়া এক জোড়া ইমিটেশনের হাতের বালা, তিনটি গলার হার, এক জোড়া পায়ের নূপুর এবং কিছু বিদেশি টাকা ও ধাতব মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সূত্রে তিনি বাসার ভেতরের পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে জানতেন। ঘটনার দিন সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে শাহিদা আক্তারকে হত্যা করেন। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।