আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর হাজারীবাগ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভুক্তভোগী সৈয়দ রাফসান (১৮) তার চাচা সৈয়দ আহমেদ জিদানের সঙ্গে নিউ মার্কেট থেকে জিগাতলা কাঁচাবাজারের দিকে যাওয়ার পথে দুই ছিনতাইকারী তাদের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় স্থানীয় জনতার সহায়তায় মো. আসিফ (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। অপর আসামি মো. রাব্বি পালিয়ে যায়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসিফকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে একটি ছিনতাই হওয়া মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতার এবং ছিনতাই হওয়া অপর মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
