আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মূল্যায়নে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। থানার মধ্যে প্রথম হয়েছে পল্লবী থানা, দ্বিতীয় তুরাগ থানা এবং তৃতীয় শাহজাহানপুর থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন ডেমরা জোনের এসি মো. শামীম হোসেন এবং দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের এসি মো. আবদুল্লাহ আল মামুন।
এসআই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আদাবর থানার এসআই তরুণ কুমার এবং দ্বিতীয় হয়েছেন পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম। এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং দ্বিতীয় হয়েছেন মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম।
গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন এবং দ্বিতীয় হয়েছেন গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
