আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
বাগেরহাট সদর থানা এলাকায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি। এ সময় উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানাধীন পৌরসভার দশানী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ মিঠু মণ্ডল (২১) ও ইয়াসিন ফকির (২৫)-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে বাগেরহাট সদর থানাধীন কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকায় মিঠু মণ্ডলের বসতঘরে অভিযান চালিয়ে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দুই আসামির হেফাজত থেকে মোট ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
