ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ৩য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
পঠিত: 33 বার
Link Copied!

গাইবান্ধার সদর উপজেলার চকমামরোজপুর এলাকায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ নোবেল (২০) কে গতকাল সন্ধ্যায় ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম তার মেয়ে এবং স্থানীয় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। ভিকটিমের মা এবং বাবা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করার ফলে ভিকটিম তার বৃদ্ধ দাদা-দাদীর সাথে বসবাস করে। ধৃত আসামি নোবেল তার নানার বাড়িতে বসবাস করে। ভিকটিম এবং আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি অবস্থিত।

ধৃত আসামি নোবেলের ১২ বছর বয়সী বোনের সাথে খেলাধুলা করার জন্য ভিকটিম প্রায়ই আসামির বাড়িতে যাতায়াত করতো। গত ০৮ জুন, ২০২৬ তারিখ বিকাল অনুমান পাঁচটার দিকে ভিকটিম আসামির বাড়িতে তার বোনের সাথে খেলতে যায়। খেলা শেষে ভিকটিম তার নিজ বাড়িতে ফেরত আসার সময় আসামি নোবেল তার সহযোগী তারেক (১৯) এর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক খোরশেদ মন্ডলের নির্মাণাধীন বাড়ির ছাদের উপর নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।

ধর্ষণের ফলে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে সেখানেই ফেলে রেখে চলে যায়। ভিকটিম কোন রকম সেখান থেকে নেমে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভিকটিমের দাদী চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এই নৃশংস ঘটনার পর ভিকটিমের মা হাছিনা খাতুন বাদী হয়ে গত ১৬ জুন, ২০২৬ তারিখ গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৩৭)। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবহিকতায় ০৫ জুলাই, ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় সিপিসি-৩, র‌্যাব-১৩ , গাইবান্ধা এবং সিপিসি-১, র‌্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ অভিযানে গাইবান্ধা সদর থানার ৩য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নোবেল (২০), পিতা-মোঃ রহিম, সাং-কৃষ্ণপুর, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা’কে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মীরবাড়ী আদি জামে মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্যান্য আসামি গ্রেফতারে এবং সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।