ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২১
আজকের সর্বশেষ সবখবর

‎ ‎“নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন: রাজউকে বিশেষ উপস্থাপনা”

সত্যের কন্ঠ
জুলাই ৫, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
পঠিত: 60 বার
Link Copied!

‎উম্মে সালমা:

‎রাজধানীতে পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এবং Sewage Treatment Plant (STP) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ লক্ষ্যে শনিবার (৫ জুলাই) দুপুর ২টায় রাজউকের সভাকক্ষে “নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও STP বাস্তবায়ন” শীর্ষক একটি কারিগরি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। এছাড়া ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, রিহ্যাব এর সভাপতি, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকার সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

‎সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে কার্যকর পয়ঃনিষ্কাশন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত ভবনগুলোতে Sewage Treatment Plant (STP) স্থাপন বাধ্যতামূলক এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই নগরায়ণের স্বার্থে এর কোনো কার্যকর বিকল্প নেই। তিনি আরও বলেন, STP স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা, ব্যয় এবং বিদ্যমান ভবনে এটি বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে জনমনে বিদ্যমান নানা প্রশ্ন ও সংশয় দূর করার পাশাপাশি স্বল্প ব্যয়ে কীভাবে কার্যকরভাবে এসব ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বাস্তবসম্মত দিকনির্দেশনা ও সমাধান তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

‎প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেন, টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে ‘Reuse, Renew, Recycle’ নীতির কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় Sewage Treatment Plant (STP) ব্যবহারের মাধ্যমে জলাশয় সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে STP স্থাপন, পরিচালনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

‎অনুষ্ঠানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান STP-এর আধুনিক প্রযুক্তি, স্থাপন পদ্ধতি, ব্যয় কাঠামো, প্রয়োজনীয় স্থান এবং পরিবেশগত সুফল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে Innovations Ltd., Daiki Axis Bangladesh, Acumen Engineering Ltd., Ellipse Engineering & Construction Ltd. এবং Pivot Engineering Ltd. তাদের আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবনী সমাধান এবং স্বল্প ব্যয়ে কার্যকর STP বাস্তবায়নের বিভিন্ন মডেল ও অভিজ্ঞতা উপস্থাপন করে।

‎বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আধুনিক ও কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জলাশয় ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। তারা আশাবাদ ব্যক্ত করেন, STP-এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, বাসযোগ্য এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।