ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
পঠিত: 39 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানে যৌথ ব্যবসার নামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক সৌমেন সাহা (৩৫)-কে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৯:৩০টায় হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ব্যবসায়িক সূত্রে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সঙ্গে সৌমেন সাহার পরিচয় হয়। পরবর্তীতে পারিবারিক সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসের সুযোগ নিয়ে ২০২৩ সালে দুবাই থেকে স্বর্ণ আমদানির কথা বলে প্রথমে ৫০ লাখ টাকা ধার নেন। পরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে আরও ৪ কোটি ৩০ লাখ টাকা নেন। এভাবে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও চেকের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিনিয়োগের দীর্ঘ সময় অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো হিসাব বা লভ্যাংশ প্রদান করেননি। বরং ভুক্তভোগী টাকা ও হিসাব চাইলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে হাতিরঝিল থানা এলাকা থেকে অভিযুক্ত সৌমেন সাহাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।