ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

অনলাইন চক্রের কাছ থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ, গ্রেফতার ৩

সত্যের কন্ঠ
জুলাই ৩, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
পঠিত: 37 বার
Link Copied!

 

রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় পৃথক অভিযানে দেশের ইতিহাসে একক অভিযানে সর্বাধিক ৬৫ কেজি ৯০০ গ্রাম শিশা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় অনলাইনে শিশা বিক্রির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন দুই সহোদর আহমেদ শরীফি (৩৪), মেহদাদ শরীফি (৩৪) এবং মো. মাকসুদ আলম (৪০)।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে রাজধানীর বসুন্ধরা ও মালিবাগ এলাকায় কুরিয়ার সার্ভিসে পাঠানোর জন্য প্রস্তুত দুটি পার্সেল থেকে মোট ২ কেজি শিশা জব্দ করা হয়। পরে পার্সেলের প্রেরকের তথ্য অনুসরণ করে গুলশানের কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই সহোদরকে আটক করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম শিশা ও ২০টি হুক্কা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারার নূরেরচালায় অভিযান চালিয়ে মো. মাকসুদ আলমকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে আরও ১৮ কেজি শিশা ও ২১টি হুক্কা উদ্ধার করা হয়।

চারটি স্থানে পরিচালিত সমন্বিত অভিযানে মোট ৬৫ কেজি ৯০০ গ্রাম শিশা, ৪১টি হুক্কা, ৪০ কেজি শিশা সেবনের কয়লা এবং ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিএনসির দাবি, এটি দেশে এক অভিযানে জব্দ হওয়া সবচেয়ে বড় শিশার চালান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আহমেদ শরীফি ও মেহদাদ শরীফি দীর্ঘদিন ইরানে অবস্থানকালে শিশা ব্যবসার অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে তারা একটি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় শিশা সরবরাহ করতেন। মূল্য পরিশোধ করা হতো বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে।

ডিএনসি জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে বিপুলসংখ্যক ক্রেতার তথ্য, অর্ডারের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য উদ্ধার করা হয়েছে। এসব তথ্য বিশ্লেষণ করে চক্রের অন্যান্য সদস্য, সহযোগী ও নিয়মিত ক্রেতাদের শনাক্তে তদন্ত চলছে।

ডিএনসি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম, কুরিয়ার সেবা এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে পরিচালিত মাদক ব্যবসার বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।