পিরোজপুরের মঠবাড়িয়া থানার বহুল আলোচিত ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি আরাফাত শরীফকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৮, বরিশাল জানায়, র্যাব-৭-এর সদর কোম্পানি ও সিপিসি-১, ফেনী ক্যাম্পের যৌথ অভিযানে বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পুরাতন ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, নিহত ইউসুফ শরীফ (৩৫) ও গ্রেফতারকৃত আরাফাত শরীফ একই গ্রামের বাসিন্দা। পূর্ববিরোধের জেরে গত ২৪ মে দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামে ইউসুফকে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে নিহতের বাবা ফজলুল হক শরীফ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আরাফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
