ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

‎পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিত করতে রাজউকের উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

সত্যের কন্ঠ
জুলাই ১, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
পঠিত: 82 বার
Link Copied!

মোসাদ্দেক বিল্লাহ আবির:

‎রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উদ্যোগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০টায় রাজউক সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎মতবিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত প্লটের গ্রহীতা ও তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন, ইউটিলিটি সংযোগ এবং বিভিন্ন সেবাসংক্রান্ত বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।



‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হবে। তিনি বলেন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণের মাধ্যমে এমন একটি শহর গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম উন্নত নাগরিক সুবিধাসহ নিরাপদ ও মানসম্মত জীবনযাপন করতে পারবে।

‎তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রতিষ্ঠিত হলে পূর্বাচলে বসবাসের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্লট গ্রহীতাদের দ্রুত নিজ নিজ প্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান তিনি।

‎প্রতিমন্ত্রী বলেন, পূর্বাচলকে একটি আদর্শ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয়, রাজউক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে সরকার ও রাজউক প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

‎সভাপতির বক্তব্যে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত, দ্রুত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।