আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে র্যাব-১৫ ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত চার তরুণকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ফেনী থেকে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় এসে নিখোঁজ হন এমাম হোসেন জিসান (২৩) ও তহিদুল ইসলাম তামিম (১৯)। এ ঘটনায় ২৮ জুন ফেনীর দাগনভূঞা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে র্যাব-১৫-এর গোয়েন্দা তৎপরতায় জানা যায়, তারা টেকনাফের একটি অপহরণকারী চক্রের কবলে রয়েছেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও টেকনাফ থানা পুলিশ যৌথভাবে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে গেলেও তাদের আস্তানা থেকে চারজন অপহৃতকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন— এমাম হোসেন জিসান (২৩), তহিদুল ইসলাম তামিম (১৯), মোঃ এমাম হোসেন (১৮) এবং সুমন মিয়া প্রকাশ হোসাইন (২২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, অপহরণকারীরা তাদের হাত-পা বেঁধে পাহাড়ের আস্তানায় আটকে রেখে পরিবারের কাছে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। সময়মতো উদ্ধার না হলে তাদের প্রাণহানির আশঙ্কা ছিল।
উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেফতারে র্যাব ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
