গাইবান্ধার সদর থানায় দায়ের করা স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব-১৩।
র্যাব জানায়, ভুক্তভোগী গাইবান্ধার একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. আহসান হাবিব (২২) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার পরিবার বিয়ের প্রস্তাব পাঠায়, তবে ভুক্তভোগীর পরিবার তা প্রত্যাখ্যান করে।
এরপর গত ৩১ মার্চ সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার রামনাথের ভিটা মণ্ডলপাড়া এলাকায় চাচার বাড়ির সামনে থেকে ওই স্কুলছাত্রীকে অটোরিকশাযোগে অপহরণ করা হয়। এ ঘটনায় ১১ এপ্রিল ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার সাতটেকোর গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি মো. আহসান হাবিবকে গ্রেফতার করে র্যাব-১৩। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত স্কুলছাত্রী ও গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
