শামীম আহমেদ পাবনা:-
পাবনার সাঁথিয়া উপজেলার জন্য এক গৌরবময় অর্জন এনে দিয়েছে জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল। শনিবার (২০ জুন) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালিকা) জাতীয় পর্যায়ের ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দলটি ৪-২ গোলে নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে সাঁথিয়ার ক্ষুদে ফুটবলাররা। তাদের দুর্দান্ত দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাব প্রতিপক্ষকে চাপে ফেলে এবং শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করে।
এই অসাধারণ সাফল্যের পেছনে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রিজু তামান্নার আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং খেলোয়াড়দের উৎসাহ-প্রেরণার কথা স্থানীয়রা বিশেষভাবে উল্লেখ করছেন। খেলাধুলার বিকাশে তাঁর নিরলস কাজ ও পৃষ্ঠপোষকতা সাঁথিয়ার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে অভিমত সংশ্লিষ্টদের।
জাতীয় পর্যায়ে এই শিরোপা অর্জনের মধ্য দিয়ে শুধু জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, সমগ্র সাঁথিয়া উপজেলা ও পাবনা জেলা গৌরবান্বিত হয়েছে। বিজয়ী দলের খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অভিনন্দন সাঁথিয়া, অভিনন্দন জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।
