ফরিদপুরের নগরকান্দা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে নগরকান্দা থানাধীন তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপ থেকে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে মো. ছোট বাবু (৫১) ও মো. বাবু (৩১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা ও দামুড়হুদা এলাকায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
