ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
আজকের সর্বশেষ সবখবর

“পিবিআই মুন্সিগঞ্জের অভিযান: মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার”

সত্যের কন্ঠ
জুন ১৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
পঠিত: 29 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানাধীন জসিম নগর এলাকায় গত ১৪/০৬/২০২৬ খ্রিস্টাব্দ ভোরে একটি অনাবাদি জমি থেকে আরিফ হোসেন (৩৭)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মাংস বিক্রির পাওনা প্রায় ৪৯ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ ও তার সহযোগীরা আরিফকে হত্যা করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা নং-৪১, তারিখ ১৪/০৬/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৬/০৬/২০২৬ খ্রিস্টাব্দে পিবিআই মুন্সীগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।

পিবিআই সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ জুন ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে এজাহারভুক্ত ১ নম্বর আসামি নূর মোহাম্মদ (৩০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের ও অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং পরবর্তীতে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

তদন্তে ও আসামির জবানবন্দিতে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ১৩/০৬/২০২৬ তারিখ রাতে ভিকটিম তার বাড়িতে অবস্থানকালে রাত আনুমানিক ১১টার দিকে নূর মোহাম্মদ ও তার সহযোগীরা তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক টানাহেঁচড়া ও মারধর করে বাড়ি থেকে প্রায় ১৫০–২০০ গজ দূরে জসিম নগর এলাকার জাকির মিয়ার অনাবাদি জমিতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।