আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যমানের ৫,৮১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এবং মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৭/০৬/২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর চৌকস দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী মোড় এলাকায় ফরিদপুর-টু-মাগুরাগামী মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি করে। তল্লাশিকালে ওই পিকআপ থেকে ৫,৮১০ (পাঁচ হাজার আটশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৭,৪৩,০০০ (সতেরো লক্ষ তেতাল্লিশ হাজার) টাকা। এ সময় ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— ১। মোঃ কবির হোসেন (৩১), পিতা: মোঃ মামুন হোসেন, সাং: ছেঁউড়িয়া, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া এবং ২। মোঃ ইব্রাহিম শেখ (২৩), পিতা: মোঃ আলম শেখ, সাং: হাজরাপাড়া, থানা: পাংশা, জেলা: রাজবাড়ী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
