ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৮
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী ও সাবেক এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ১৭, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: 28 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়-এর ফেসবুক পেজের এডমিন শিশির মুন্না (২৮)-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে মোট ১১ লাখ ২৭ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে প্রতারণা করে বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তারা টালবাহানা শুরু করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শিশির মুন্নাকে গ্রেফতার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি নির্বাচনি প্রচারণা, ভিডিও কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদেশে লোক পাঠানো, জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কাতারে চলে যান এবং পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে দেশে ফিরে এসে পুনরায় একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।