আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
খুলনা মহানগরীতে অভিযান পরিচালনা করে হত্যা, মাদক ও ধর্ষণ মামলাসহ মোট ২২টি মামলার আসামি ইমরান হাওলাদার (৩২)কে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টায় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড টেক্সটাইল কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইমরান হাওলাদার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গজালমারী এলাকার বাসিন্দা। তার পিতা বজলু হাওলাদার।
র্যাব জানায়, ইমরান হাওলাদারের বিরুদ্ধে পুলিশের অপরাধ রেকর্ড (পিসি-পি আর) পর্যালোচনায় দেখা গেছে, বটিয়াঘাটা থানায় তার বিরুদ্ধে ৩টি হত্যা চেষ্টা মামলা, ১টি ধর্ষণ মামলা, ৮টি মাদক মামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
