আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
গ্রেফতারকৃতরা হলো— মো. রুমান (৩২) ও মো. মহসীন (৪০)।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে র্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও র্যাব সদর দপ্তরের সহায়তায় জানতে পারে যে, শ্রীপুর থানাধীন সবুজবাগ এলাকার ফরেস্ট অফিসের পেছনে একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি সেখানে অভিযান চালিয়ে খালেক গার্ডের হাঁস-মুরগি পালনের ঘরের সামনে থেকে রুমান ও মহসীনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত গাঁজাসহ শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
