আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪১৮ বোতল স্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব-৬ এর সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৬ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানাধীন রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪১৮ বোতল স্কাফ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং রাকিব আহম্মেদ আলীফ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য, পিকআপ ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে এবং উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
