আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে যুবক আব্দুল মান্নান (৩০) হত্যার ঘটনায় প্রধান আসামি মো. রাজন দেওয়ান সুমন ওরফে বাঘা (২৭)-কে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, পূর্ব বিরোধের জেরে ৭ জুন দুপুরে মীর হাজিরবাগ এলাকায় আব্দুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় হত্যা মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, রাজধানীর কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৪১১ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৬ লাখ ৪৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
