আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে দুইশত চুয়ান্ন বোতল অবৈধ ফেনসিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের সদস্যেরা।
আজ সোমবার (০৮ জুন ২০২৬ খ্রি.) দুপুর ২টা ৪৫ মিনিটে দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম— মোঃ সাইদুল খান (৪২)। সে দেবহাটা থানার সুশীলগাতী গ্রামের মৃত এরশাদ আলী খানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, দেবহাটা থানাধীন সুশীলগাতী এলাকায় এক মাদক কারবারি বিপুল পরিমাণ অবৈধ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাইদুল খানকে আটক করে। পরবর্তীতে তার হেফাজত থেকে ২৫৪ (দুইশত চুয়ান্ন) বোতল অবৈধ ও নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এ প্রসঙ্গে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের এই চলমান অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
