আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান ও এজাহারনামীয় পলাতক আসামি জনি গাজী (২৯)-কে গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
আজ শনিবার (০৬ জুন ২০২৬ খ্রি.) রাত ৮টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি গাজী ডুমুরিয়া থানার বাসিন্দা মো. আতিয়ার গাজীর ছেলে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত জনি গাজী ও নিহত বিথি আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। গত ০৫ মে ২০২৬ খ্রি. পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি গাজী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিথির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিথি আক্তার মৃত্যুবরণ করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা অপুর গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর থেকেই ঘাতক স্বামী জনি গাজী লোকচক্ষুর অন্তরালে পালিয়ে ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কাঁঠালতলা বাজারে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
